নারায়ণগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশাকে চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০ নম্বরের একটি সাদা প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। অটোরিকশাটির চালক মো. সোহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। অন্যদিকে, প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়। তিনি আরও জানান, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
The post নারায়ণগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী আ’হ’ত appeared first on ভোরের চেতনা.
