নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন তার স্বামী আব্দুল মান্নান মনির। হত্যাকাণ্ডের পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান বলে স্থানীয়রা জানিয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে অভিযুক্ত স্বামীকে আটক করে।
স্থানীয়রা জানায়, পরকীয়া সন্দেহে ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনির ও নিশির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল সোমবার রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলা হয়।
স্থানীয়রা আরও জানায়, হত্যাকাণ্ডের পর মনির নিজেই ৯৯৯-এ ফোন করেন। এ সময় স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে। তবে ৯৯৯-এ স্বামী নিজেই ফোন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন বন্দর থানার পরিদর্শক জামাল উদ্দিন।
বন্দর থানার পরিদর্শক জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের মধ্যে একজন আমাদের ফোন দিয়ে ঘটনা জানায়। পরে আমরা ঘটনাস্থলে যাই। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
