সিলেটের লাক্কাতুরা চা-বাগানের কৃষ্ণতলায় মুচি সম্প্রদায়ের তিনজন অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে তাঁদের হাতে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় পেশাগত উপকরণ উপহার দেওয়া হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কাছ থেকে জানা, তাঁদের জীবিকা নির্বাহে সহযোগিতা করা এবং সমাজে সব সৎ পেশার প্রতি সম্মান ও মানবিক মর্যাদার বার্তা ছড়িয়ে দেওয়া। উপকারভোগী তিনজন সিলেটের মাহমুদাবাদ এলাকার মুচি সম্প্রদায়ের বাসিন্দা।
তাঁদের জুতা মেরামতের কাজে ব্যবহৃত ক্ষতিগ্রস্ত বাক্সগুলো মেরামত করে দেন বন্ধুরা। পাশাপাশি পেশাগত কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ কিনে দেওয়া হয়। এ ছাড়া এক সপ্তাহের বাজারের সমপরিমাণ খাদ্যসামগ্রী এবং চেকের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করা হয়, যাতে তাঁরা নিজেদের পেশাগত কাজ চালিয়ে নেওয়ার পাশাপাশি দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা সহায়তা পান।

এ সময় বন্ধুসভার সদস্যরা উপকারভোগীদের জীবনসংগ্রাম, জীবিকা নির্বাহের চ্যালেঞ্জ, আর্থিক সংকট ও প্রতিদিনের প্রতিকূলতার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রান্তিক শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে মানবিক উদ্যোগ, সামাজিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব উঠে আসে। মানবিক এই কাজে সার্বিক সহযোগিতা করেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ বিলাল উদ্দীন, নিকসন দাশ ও অঘ্রাতা সৌরভ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৃক্ষবন্ধু শাহ সিকান্দার শাকির। তিনি বলেন, ‘আমরা সবার আগে মানুষ। মানবিক মূল্যবোধ ও ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। খারাপ কাজের সঙ্গে যুক্ত মানুষ যদি একত্র হতে পারে, তাহলে ভালো কাজ করা মানুষ কেন এক হতে পারবে না? আমরা একসঙ্গে হয়ে দেখিয়ে দিয়েছি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’

শাহ সিকান্দার শাকির ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সভাপতি সামিয়া আক্তার, সাধারণ সম্পাদক দেবব্রত সরকার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সৈয়দা তামান্না ইসলাম, বন্ধু সনি তালুকদার, মাহবুব উল্লাহ, কাউসার আহমেদ, আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক রুহেল আহমেদ এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাফিসার মা ও ছোট ভাই নাফিস চৌধুরীসহ তাঁর পরিবারের সদস্যরা।
বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান।
