হাসপাতালের মেঝে নোংরা হয়েছে। সেই মেঝে পরিষ্কার করতে বাধ্য করা হলো রোগীর মাকে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামো জেলা হাসপাতালে। সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকযোগাযোগ মাধ্যমে।
দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের দামো জেলা হাসপাতালে এক রোগীর মাকে মেঝে থেকে ময়লা পরিষ্কার করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালের সেবা এবং পরিচ্ছন্নতা কর্মীরা কেন তাকে দিয়ে এই কাজ করালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
এই ঘটনাটি হাসপাতালের কর্মীদের দায়িত্ব এবং রোগীদের স্বজনদের সঙ্গে কেমন আচরণ করা হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে শুধুমাত্র ভিডিও দেখে ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বোঝা সম্ভব হয়নি। কেন ওই মহিলাকে জায়গাটি পরিষ্কার করতে বলা হয়েছিল বা কী পরিস্থিতিতে ভিডিওটি ধারণ করা হয়েছিল, তাও স্পষ্ট নয়।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি সম্প্রতি ঘটেনি। ভিডিওটি দেড়-দুইমাস আগের। পুরো বিষয়টি নিয়ে একটি বিবৃতিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ব্যাখ্যায় ভিডিওটি কত পুরনো তা জানা গেলেও, ঘটনার প্রেক্ষাপট এবং কেন ওই মহিলাকে পরিষ্কারের কাজ করতে বলা হয়েছিল, সেই বিষয়গুলি এখনও অস্পষ্ট।
