এ ঘটনায় সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 13 Oct 2026, 05:46 PM
Updated : 13 Oct 2026, 05:46 PM
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্রা জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় বিসিআইসি অনুমোদিত সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার সাতখামার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. রবিউল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে সাতখামার এলাকায় অবস্থিত নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি মাহিন্দ্রা গাড়িতে তোলা হয়। সেখান থেকে সারগুলো পাশের আটোয়ারী উপজেলায় নেওয়া হচ্ছিল।
বিষয়টি জানতে পেরে সাবেক এক কাউন্সিলরসহ এলাকাবাসী গাড়িটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ গাড়িটি জব্দ করে নিয়ে যায়।
এদিন দুপুরে ঘটনাটি তদন্ত ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রবিউল ইসলাম। সরকারি সার বিতরণ নীতিমালা লঙ্ঘনের দায়ে নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেইসঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বোদা উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলাম এবং স্থানীয় সাবেক কাউন্সিলর উপস্থিত ছিলেন।
জব্দ করা ১২০ বস্তা ডিএপি সার পরবর্তীতে স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
ইউএনও রবিউল ইসলাম বলেন, কৃষকদের অধিকার ক্ষুণ্ন করে সার কালোবাজারে বিক্রি কিংবা অবৈধভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সার নিয়ে অনিয়ম ও কারসাজি রোধে নজরদারি অব্যাহত থাকবে।
