সিলেটের ফেঞ্চুগঞ্জে ভোজ্যতেল ও ডিজেল পরিমাপে কারচুপির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। এ সময় একটি প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার খালি বোতল জব্দ করা হয়।
গতকাল বেলা ১টায় উপজেলার কটালপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার জানান, কটালপুরে অবস্থিত কুশিয়ারা এডিবল ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানে প্রতি ২ লিটার সয়াবিন তেলের বোতলে ৫০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১ লিটার ধারণক্ষমতার ৮ হাজার এবং ৯০০ মিলিলিটার ধারণক্ষমতার ১৫ হাজার খালি বোতল জব্দ করা হয়।
অন্যদিকে, কটালপুর বাজারের মেসার্স সামসুল ট্রেডার্স প্রতি ১০ লিটার ডিজেল পরিমাপে ৫০০ মিলিলিটার কম দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
