সংবাদ · সাধারণ
হানিফ সংকেতের জন্মদিনে প্রয়াত গায়ক আকবরের মেয়ের আবেগঘন বার্তা
২৩/১০/২০২৬

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের জন্মদিন আজ ২৩ অক্টোবর।বিশেষ এই দিনে তাকে ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী আকবরের মেয়ে অথৈ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাসে হানিফ সংকেতকে নিজের জীবনের ‘পরম আশ্রয়’ ও ভালোবাসার মানুষ হিসেবে উল্লেখ করেছেন তিনি।নিজের স্ট্যাটাসে অথৈ লিখেছেন, শুভ জন্মদিন জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় হানিফ সংকেত আঙ্কেল। আমার জীবনের পরম আশ্রয় আর ভালোবাসার মানুষ আমার প্রিয় হানিফ সংকেত আঙ্কেল। হানিফ সংকেতের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি আরও লিখেছেন, কিছু মানুষের সান্নিধ্য পেলেই মন অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। তার কাছে হানিফ সংকেত ঠিক তেমনই একজন মানুষ। বাইরের দুনিয়া তাকে যেভাবে চিনুক না কেন, অথৈর কাছে তিনি মাথার ওপর মায়ার বিশাল ছায়া এবং একজন পরম আপন মানুষ।ছোটবেলা থেকেই হানিফ সংকেতের স্নেহ ও ভালোবাসা পেয়ে আসছেন জানিয়ে অথৈ লিখেছেন, তার মায়াবী হাসির মধ্যেও এক ধরনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। জীবনের কোনো মুহূর্তে মন খারাপ হলে কিংবা নির্ভরতার প্রয়োজন হলে হানিফ সংকেতের একটি সান্ত্বনার কথাই তার সব কষ্ট দূর করে দেয়। তিনি পাশে থাকলে পৃথিবীর যেকোনো কঠিন পরিস্থিতিতেও নিজেকে নিরাপদ মনে হয় বলে জানান অথৈ।হানিফ সংকেতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অথৈ লিখেছেন, স্নেহ, মায়া ও হৃদয়ের গভীর টান দিয়ে তিনি তাদের জীবন আগলে রেখেছেন। হানিফ সংকেতের চোখের কোণের স্নেহ আর মাথার ওপর রাখা হাতটি তার হৃদয়ের সবচেয়ে পবিত্র জায়গায় জমা হয়ে আছে। তাকে ঘিরে জমে থাকা অসংখ্য সুন্দর স্মৃতি ও ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেছেন তিনি।প্রিয় মানুষটির জন্য দোয়া চেয়ে অথৈ লিখেছেন, আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা—আমার এই শ্রদ্ধার মানুষটি যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার হাসিমুখের আলো যেন এভাবেই আমার পুরোটা জীবন আলোকিত করে রাখে আজীবন।অথৈর এই আবেগঘন পোস্টে হানিফ সংকেতের প্রতি তার গভীর শ্রদ্ধা ও নির্ভরতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। যা প্রয়াত সংগীতশিল্পী আকবরের পরিবারের সঙ্গে হানিফ সংকেতের স্নেহপূর্ণ সম্পর্কের কথা নতুন করে সামনে এনেছে। উল্লেখ্য, প্রায় দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে আলোচনায় এসেছিলেন আকবর। সে সময় তিনি পেশায় রিকশাচালক ছিলেন এবং গানটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর ‘ইত্যাদি’র জন্যই ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে মৌলিক গান গেয়েও ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সংগীতজীবনে পরিচিতি পাওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে গান পরিবেশন করেছেন এই শিল্পী।
দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর ২০২২ সালের ১৩ নভেম্বর মারা যান শিল্পী আকবর। মৃত্যুর আগে ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি আর সুস্থ হয়ে ফিরতে পারেননি। তবে আকবরের মৃত্যুর পরও তার পরিবারের প্রতি হানিফ সংকেতের স্নেহ ও ভালোবাসার বিষয়টি অথৈর এই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় বিশেষভাবে ফুটে উঠেছে।
মূল প্রতিবেদনে যান ↗