চট্টগ্রামে নাশকতাসহ নয়টি মামলার আসামি হাটহাজারীর ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কৃষক লীগের নেতা আবুল মনছুরকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে নাশকতাসহ একাধিক মামলার আসামি হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য আবুল মনছুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নগর ও জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল মনছুরকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশের দাবি, গত ১৮ জুন জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবুল মনছুর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অর্থ ব্যয় করে বিভিন্ন কর্মসূচি আয়োজনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
পুলিশ আরও জানায়, আবুল মনছুরের বিরুদ্ধে নগরের বাকলিয়া ও চান্দগাঁও থানাসহ হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে। সব মিলিয়ে নগর ও জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
