নেত্রকোনা সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ও গবাদিপশু জব্দ করেছে ৩১ বিজিবি। গতকাল বুধবার দুপুরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এতে পাঁচগাঁও, বরুয়াকোনা, মোহনপুর ও লেংগুড়া বিওপির টহল দল ভারতীয় কম্বল, বিভিন্ন খাদ্যদ্রব্য, কয়লা ও পাঁচটি গরু আটক করে। উদ্ধার এসব চোরাই মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।