কালবেলা · সাধারণ
রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: স্বপন
১৮/১০/২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের আমলে রাতের ভোটে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর চলবে না। এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। একমাত্র সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটেই স্থানীয় সরকারের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার সমরসিংহ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়করণ করে দেশের প্রতিটি ঘরে ঘরে বিভেদ তৈরি করেছিল।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষকে একটি বিষয় প্রমাণ করতে হবে, সত্যিকারের গণতন্ত্রের সরকারই হচ্ছে বিএনপির সরকার। বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারে বিশ্বাসী এবং জনগণের ম্যান্ডেট নিয়েই দেশ পরিচালনা করতে চায়।’
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্মআহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, যুবদল জেলা উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।
মূল প্রতিবেদনে যান ↗