কালবেলা · সাধারণ
টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ হবে না: এমপি আশফাক
১৩/১০/২০২৬

টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। শিক্ষার্থীদের বেতন, ফরম পূরণসহ পড়াশোনার খরচ বহনে কেউ অক্ষম হলে সেই ব্যয় নিজে অথবা জেলা প্রশাসনের মাধ্যমে বহনের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, ‘টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ হবে না। আমি শিক্ষকদের বলব, কোনো ছাত্রীর বেতন, ফরম পূরণ বা অন্য কোনো খরচ বাকি থাকলে কিংবা তা দেওয়ার সামর্থ্য না থাকলে সেই টাকা আমি দেব, জেলা প্রশাসন দেবে।’
শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বাড়াতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যারা আজ সামনের টেবিলে বসে আছি, আমরাও একদিন তোমাদের মতো দর্শকসারিতে বসতাম। নিজেদের কর্মের মাধ্যমে আজ সামনে আসতে পেরেছি। তোমরাও ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে এবং একদিন সামনে আসবে।’
সরকারের শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, সরকার শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুলব্যাগ ও পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে। বিনিময়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, শুধু পরীক্ষার ফলাফল নয়, শিক্ষার্থীদের মানসিকতা ও মূল্যবোধের পরিবর্তনের মাধ্যমে একটি উন্নত ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুদ এবং ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাসেম বেপারী। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
মূল প্রতিবেদনে যান ↗