নিজ কার্যালয়ে একদিনের বেশি সময় ধরে অবরুদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি বলেন, আমার প্রচণ্ড মাথাব্যথা, এখন একটু রেস্টে থাকতে চাই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চুয়েটের ভিসি বলেন, সার্বিক অবস্থা আপনারা (সাংবাদিক) সবার কাছ থেকে শোনেন, আমাদের অবস্থা খুব বেশি ভালো না। আমাদের এখানে কেউ ঘুমাতে পারিনি।
তিনি আরও বলেন, আমার দুই কলিগ (সহকর্মী) অসুস্থ হয়ে গেছে, তাদেরকে রাত দুইটার দিকে হাসপাতালে ভর্তি করেছি। বের হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান কিনা, এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, এটা প্রশাসন বিবেচনা করবে, আমি না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন ভিসি শেখ শরীফুল আলম। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পরবর্তীতে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।
