ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন ও কঠোর সতর্কবার্তা জারি করেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হালনাগাদ সতর্কবার্তা প্রকাশ করা হয়। খবর আলজাজিরার।
অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তার চরম অবনতি ও বিমানবন্দরে অচলাবস্থার কারণে রাজধানী রিয়াদের ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর’ সরাসরি ভ্রমণ না করার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ক্যানবেরা।
অন্যদিকে নিউজিল্যান্ড তাদের ভ্রমণ সতর্কবার্তার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। দেশটি নিজ নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে সৌদি আরবের বেশ কয়েকটি উত্তর ও পশ্চিমাঞ্চলীয় এলাকার জন্য সতর্কা সতর্কতা ‘লেভেল ১’ থেকে বাড়িয়ে ‘লেভেল ২’ করা হয়েছে। তবে দেশটির পক্ষ থেকে সমগ্র সৌদি আরবে যেকোনো অনাবশ্যক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলোর জন্য সর্বোচ্চ ‘লেভেল ৩’ সতর্কতা বহাল রয়েছে, যেখানে নাগরিকদের যেকোনো মূল্যে যাতায়াত এড়াতে বলা হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ অক্টোবর থেকে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল, জ্বালানি অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোতে হুথি হামলা নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনাটি পুরো পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
সংঘাত অব্যাহত থাকায় পরবর্তীতেও এমন হামলা ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে দেশগুলো। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করা নাগরিকদের যাত্রা স্থগিত বা বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।
