রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত একজন এবং দুই কিশোরসহ ১২ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে আটক চারজন হলেন জুয়েল (৪২), মো. কাজল (৪৫), আতিকুর রহমান (২৮) ও কাঞ্চন দে (৩৬)।
এ ছাড়া বরকল উপজেলার সুবলং এলাকার প্রসেনজিৎ চাকমা (২৫) ও রিমন চাকমাকে (২২) রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক তিনজন হলেন মোহাম্মদ ইয়াছিন (৪৮), মো. নেয়ামত উল্লাহ (২৪) ও শিমুল (২৪)। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে, নারী নির্যাতনের অভিযোগে জাকির হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে, সন্দেহজনক অবস্থায় শুভ বড়ুয়া (১৭) ও মো. মারুফ হোসেন (১৭) নামে দুই কিশোরকে আটক করা হয়। পরে পরিচয় ও তথ্য যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাঁদের বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
