কুমিল্লার লাকসাম উপজেলায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আজগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি আজগরা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলট্র্যাকও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
‘ঢাকা-চট্টগ্রাম রুটে আপ-লাইনে রেল চলাচল বন্ধ থাকলেও ডাউন-লাইন সচল আছে,’ বলেন রাজীব।
প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের প্রস্তুতি চলছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
