রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন এবং রমনা বিভাগ থেকে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে তিনজনকে।
অভিযানকালে পুলিশ ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।