কলকাতায় দুর্গাপূজার একটি অনুষ্ঠানে রাবণের বিরুদ্ধে রামের জয়ের বার্তা দিতে গিয়ে ‘মুখ ফসকে’ এমন একটি কথা বলেছেন রাণবীর কাপুর, যা নিয়ে চলছে চর্চা।
এনডিটিভি জানিয়েছে, মুহূর্তের মধ্যে রাণবীরের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়, সমালোচনা-কটাক্ষে বিদ্ধ হন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির প্রভাবশালী কাপুর পরিবারের এই সন্তান।
এই অভিনেতার আসন্ন সিনেমা ‘রামায়ণ’; সেখানে রাম চরিত্রে রূপদান করেছেন তিনি। তার মুখে এমন ভুল কথা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। অবশেষে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন অভিনেতা। চেন্নাইয়ে ‘রামায়ণ’-এর মিউজিক্যাল ইভেন্টে দাঁড়িয়েই নিজের ভুল স্বীকার করেন তিনি।
কলকাতায় ওই অনুষ্ঠানে ‘রামায়ণ’ সিনেমার পাশাপাশি উৎসবের তাৎপর্য নিয়েও কথা বলছিলেন অভিনেতা। তার বক্তব্য ছিল, অশুভ শক্তি যতই ক্ষমতাশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় হবে সত্য ও শুভ শক্তিরই। কিন্তু সেই বার্তা দিতে গিয়েই ঘটে বিপত্তি।
রাণবীর বলেন, “যতই শক্তিশালীই হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও শুভর অবসান হবে।”
চেন্নাইয়ে ‘রামায়ণ’-এর মিউজিক্যাল ইভেন্ট এবং সম্পূর্ণ অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে এ নিয়ে মুখ খোলেন রাণবীর।
অভিনেতার কথায়, “একটি ঘটনার জন্য আমি ক্ষমা চাই। কথা বলতে গিয়ে আমার মুখ ফসকে ভুল কথা বেরিয়ে গিয়েছিল। আমি আসলে বলতে চেয়েছিলাম, ‘অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় হবে সত্য ও শুভর’। অসাবধানতাবশত ভুল শব্দ ব্যবহার করে ফেলি।”
বলিউডের পরিচালক নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর। মহাকাব্য অবলম্বনে তৈরি এই সিনেমায় উঠে আসবে রামের বনবাস, রাবণের সীতাহরণ এবং তার পর রাম ও রাবণের বাহিনীর মধ্যে যুদ্ধের কাহিনী।
গেল এপ্রিলে আসে এই সিনেমার টিজার। নিতেশ তিওয়ারির বহুদিনের পরিকল্পনার ফসল ‘রামায়ণ’। টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, এই পর্যায়ে পৌঁছাতে তার সাত বছর সময় লেগেছে।
তিওয়ারি বলেন, “এই যাত্রা খুবই অনিশ্চিত ও একাকী। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, অপেক্ষাটা সার্থক হয়েছে।”
পরিচালকেরও ভাষ্য ‘রামের যাত্রা ভীষণ মানবিক’ তারা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছেন।
সিনেমায় বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটেছে। সাই পল্লবী—‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে ‘লক্ষ্মণ’।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান। দুই সুরকারের এই যুগলবন্দি ঘিরেও তৈরি হয়েছে আগ্রহ।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মলয়ালম ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি। ‘রামায়ণ’ এর দ্বিতীয় পর্বের মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
