সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তাই কোনো ধর্মাবলম্বীকে ছোট করা যাবে না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে কচুয়া পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকার ও ধর্ম পালনের সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। এবারই প্রথম প্রধানমন্ত্রী নিজে পূজার ছুটি বাড়িয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি শিক্ষা ও কচুয়ার উন্নয়নে দিনরাত কাজ করছেন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অন্যায় ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, উপজেলা বিএনপির মুখ্য সমন্বয়ক শাহ জালাল প্রধান, সিনিয়র সহসভাপতি আজিজ মাস্টার এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
