নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে মাইক্রোবাসের চাপায় মেহরাজ উদ্দিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মেহরাজ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিজয়নগর এলাকার মেজবা উদ্দিন ও সারমিন আক্তার দম্পতির ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণিতে পড়ত।
মেহরাজের মা সারমিন আক্তার কচুয়া বাজারের আল-হেরা ইসলামি একাডেমির শিক্ষিকা। চাকরির সুবাদে তিনি সন্তানকে নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা এলাকার আওতাধীন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
