Published on
:
1 min read
গুজরাটের ভাব থারাদে এলাকায় হাড়হিম ঘটনা। আড়াই বছরের ছেলেরে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ তারই বাবার বিরুদ্ধে। সূত্রের খবর, সন্তানের মৃত্যুর পরে প্রমাণ লোপাটের জন্য স্থানীয় একটি শ্মশানে মৃতদেহ পুঁতে দেন বাবা। অভিযুক্তের কাকা ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেন। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেপ্তার করে বাবাকে।
গুজরাটের ভাব থারাদে এলাকায় ১৩ অক্টোবরের ঘটনা। পুলিশ জানায়, অভিযুক্তের নাম অশোক রাওয়াল। ছেলেকে তিনি একাই মানুষ করছিলেন। পুলিশের অভিযোগ, ছেলে তাঁর কাছে ধীরে ধীরে বোঝা হয়ে উঠেছিল। সেই দায়িত্ব ভার থেকে মুক্ত হতে ছেলে মেরে ফেলার সিদ্ধান্ত নেন অশোক। হত্যা ও প্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগে অশোকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ছেলের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পরে অশোক তাঁকে হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু শিশুটি গুরুতর দগ্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরে অশোক প্রমাণ লোপাটের জন্য পরিবারের লোকজনের সাহায্যে স্থানীয় একটি শ্মশানে মৃতদেহ পুঁতে দেন।
অভিযুক্ত অশোকের কাকা বাবুভাই রাওয়াল এই ঘটনার কথা জানতে পারেন। তিনিই স্থানীয় থানায় গিয়ে অশোকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে এসে গ্রেপ্তার করেন অশোককে। এছাড়াও ওই শ্মশানে তল্লাশি চালিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
