আপেলের কালচে ভাব এড়াবেন কী ভাবে?ছবি: istock
Published on
:
2 min read
লক্ষ্মীপুজোর প্রসাদের থালায় ফল থাকা চাই-ই চাই। আর সেই তালিকায় আপেল থাকবেই। কিন্তু আপেল কেটে রাখার কিছু ক্ষণ পরেই তার গায়ে কালচে দাগ পড়তে শুরু করে। দেখতে খারাপ লাগায় বাড়ির খুদেরাও আর সেই আপেল খেতে চায় না। অতিথিদেরও কালো আপেলের টুকরো পরিবেশন করতেও অস্বস্তি হয়। তবে কয়েকটি সহজ টোটকা জানা থাকলেই এই সমস্যা এড়ানো সম্ভব।
কেন কালো হয়ে যায় আপেল?
আপেল কাটার পরে তার ভিতরের অংশ বাতাসের অক্সিজেনের সংস্পর্শে যখন আসে, তখন ফলের মধ্যে থাকা পলিফেনল অক্সিডেজ় নামক উৎসেচক রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই প্রক্রিয়াকে বলা হয় ‘এনজ়াইম্যাটিক ব্রাউনিং’। এর ফলেই আপেলের কাটা অংশে খয়েরি বা কালচে রং ধরতে শুরু করে। তবে কয়েকটি সহজ উপায়ে রাসায়নিক বিক্রিয়ার গতি কমানো যায়।
লেবুর রস মেশানো জল
এক কাপ জলে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এ বার কাটা আপেলের টুকরোগুলি তাতে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখুন। লেবুর রসের অ্যাসিডিক উপাদান আপেলের রং বদলানোর প্রক্রিয়াকে ধীর করে দেয়। এ ছাড়া কাটা আপেলের উপর লেবুর রসও মাখিয়ে রাখতে পারেন।
নুন-জলের ব্যবহার
একটি পাত্রে পর্যাপ্ত জল নিন এবং তাতে অল্প পরিমাণ নুন মিশিয়ে নিন। এর মধ্যে আপেলের টুকরোগুলি ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন। তার পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিন। এতে আপেল থেকে নুনের স্বাদ বেরিয়ে যাবে এবং ফলে কালচে ভাব ধরবে না।
মধু মেশানো জল
এক কাপ ঠান্ডা জলে দু’চামচ মধু মিশিয়ে নিন। সেই জলে আপেলের টুকরোগুলি ৫-১০মিনিট ভিজিয়ে রাখুন। মধুর মধ্যে থাকা কিছু উপাদান আপেলের রং বদলানোর প্রক্রিয়া ধীর করতে পারে।
কাটার পরেই ঢেকে রাখুন
আপেল কাটার পর খোলা অবস্থায় ফেলে রাখবেন না। এয়ার টাইট কৌটোতে ভরে ফ্রিজে রাখুন। এতে অক্সিজেনের সংস্পর্শ কমবে এবং আপেল দীর্ঘ ক্ষণ টাটকা থাকবে। আর পুজো করতে বসার ঠিক আগে আপেল কাটুন এবং ঢাকা দিয়ে রাখুন।
FAQ
১. আপেল কাটার পর কালো হয়ে যায় কেন?
আপেল কাটার পর তার ভিতরের অংশ বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে। ফলে পলিফেনল অক্সিডেজ় উৎসেচকের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যাকে এনজ়াইম্যাটিক ব্রাউনিং বলা হয়। এর ফলেই আপেলের কাটা অংশে খয়েরি বা কালচে রং ধরে।
২. আপেল কালো হওয়া আটকাতে কী ব্যবহার করবেন?
আপেলের টুকরো লেবুর রস মেশানো জলে ৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এ ছাড়া অল্প নুন মেশানো জল বা মধু মেশানো জলও ব্যবহার করতে পারেন।
৩. কাটা আপেল কী ভাবে টাটকা রাখবেন?
আপেল কাটার পর এয়ারটাইট কৌটোয় ভরে ফ্রিজে রাখুন। এতে বাতাসের সংস্পর্শ কমবে এবং আপেলের রং ও সতেজতা কিছুটা বেশি সময় বজায় থাকবে।
৪. আপেল কাটার পর কতক্ষণ লেবুর জলে ভিজিয়ে রাখবেন?
এক কাপ জলে এক চামচ লেবুর রস মিশিয়ে আপেলের টুকরোগুলি প্রায় ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে আপেলের রং বদলানোর প্রক্রিয়া ধীর হতে পারে।
