প্রকাশিত: ০৯:৫৭, ১৯ অক্টোবর ২০২৬
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি গানাররা। শেষ পর্যন্ত ননি মাদুয়েকের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার দল। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমিয়ে তিন পয়েন্টে নামিয়ে এনেছে আর্সেনাল।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে নটিংহ্যাম ফরেস্টের মাঠ সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল আর্সেনাল। বল দখলে রাখলেও প্রতিপক্ষের রক্ষণে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারছিল না তারা। ম্যাচের প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ।
আর্সেনালের হয়ে কাই হ্যাভার্জের একটি শট সাইড নেটে লাগে। অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের ড্যান এনডয়ে পরীক্ষা নেন গোলরক্ষক ডেভিড রায়ার। তবে প্রথমার্ধে দুই দলের আক্রমণেই ছিল ধারহীনতা।
বিরতির পর এবারে বদলি হিসেবে মাঠে নামেন মাদুয়েকে। তাতেও শুরুতে বদলায়নি আর্সেনালের খেলার চিত্র। বরং ফরেস্টের লিয়াম ডেলাপ কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। আক্রমণে গতি ফেরাতে পরে মিকেল মেরিনো, ভিক্টর ইয়োকেরেস ও ইউরিয়েন টিম্বারকে মাঠে নামান আর্তেতা।
তবে কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। বাম প্রান্ত থেকে ভেতরে ঢুকে জোরালো শট নেন মাদুয়েকে। বলটি ফরেস্টের জাইর কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। তাতেই উল্লাসে মাতে আর্সেনাল।
শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ফরেস্টও। ডিফেন্ডার মুরিলোর জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। এই জয়ে টানা তিন ম্যাচে জয়ের ধারায় থাকল আর্সেনাল।
