আফ্রিকার জিবুতি উপকূলে ইয়েমেন যাওয়ার পথে অভিবাসী একটি নৌকা ডুবে মৃত্যু হয়েছে অন্তত ১৩৯ জনের। নিহতদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮৪ জন, এতথ্য জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।
রবিবার এক বিবৃতিতে উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে নৌকাটি ডুবে যায়। জিবুতির পূর্ব উপকূলের গুহেরের কাছে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত।
ডুবে যাওয়া নৌকাটিতে তিন শতাধিক অভিবাসী প্রত্যাশী ছিলেন। নৌকাটি জিবুতি থেকে ইয়েমেন যাচ্ছিল। ডুবে যাওয়ার পর ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বেঁচে যাওয়া সকলেই ইথিওপিয়ান নাগরিক।
জিবুতি কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘটনাস্থলে জরুরি সহায়তা দিতে কাজ করছেন আইওএমের কর্মীরাও।
জিবুতিতে আইওএমের মিশন প্রধান আলেক্সজান্দ্রে কোইস্যাক এ ঘটনাকে ‘ভয়াবহ প্রাণহানি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সরকারি হিসেবে এখন শুধু কর্তৃপক্ষের দাফন করা মরদেহ গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসীরা নিজেরাও কিছু মরদেহ দাফন করেছেন। কর্তৃপক্ষ সেগুলো যাচাই করার পরই সরকারি হিসেবে যুক্ত করা হবে।
কোইস্যাক জানিয়েছেন, অর্থনৈতিক সুযোগ ও উন্নত জীবনের খোঁজে এই অভিবাসন পথে যে ভয়াবহ ঝুঁকির সম্মুখীন হোন, এঘটনা তা আবারও মনে করিয়ে দিলো।
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এপথ দিয়ে প্রতিবছর হাজারো অভিবাসী জিবুতি থেকে ইয়েমেনে পাড়ি জমান। এ জলপথের সংকুচিত অংশের দৈর্ঘ্যও ২০ কিলোমিটার।
আইওএমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছে ২০ হাজারের অধিক অভিবাসী প্রত্যাশী। গতবছরেও জিবুতি থেকে ইয়েমেন অঞ্চলে প্রবেশের সময় পাঁচ লাখের অধিক অভিবাসীর নথি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে এখনও ৯০০ জন নিহত হয়েছেন অথবা নিখোঁজ রয়েছেন।
