নিজস্ব প্রতিবেদক · ১৮ অক্টোবর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন
সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ৯মাস ও আরেকজনের দেড় বছর। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও হাম শনাক্ত হয়নি। তবে হাম উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১১ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭ জনে।
নতুন ভর্তি হওয়া ১১১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচ এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৪৪৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।
এদিকে, বিভাগে হাম ও এর উপসর্গে এ পর্যন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে সিলেটে ৭৭, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে হাম ও এর উপসর্গে সিলেটে ৮১, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
