ছবির ক্যাপশন: .
ক্রীড়া ডেস্ক:
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের জোনাল ফাইনালে দারুণ পারফরম্যান্সে ঝালকাঠি অনূর্ধ্ব-১৭ জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক পিরোজপুর অনূর্ধ্ব-১৭ জেলা দল। মঙ্গলবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ছিল পিরোজপুরের দখলে।
ম্যাচের প্রথমার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কেউই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচে গতি বাড়ায় পিরোজপুর। ৫১ মিনিটে ঝালকাঠির ডিফেন্ডার আরমানের হ্যান্ডবলের কারণে পিরোজপুর পেনাল্টি পায়। তবে অধিনায়ক মেহেদী হাসান রানার নেওয়া শটটি পোস্টের ওপর দিয়ে চলে গেলে সুবর্ণ সুযোগ নষ্ট হয়।
এরপরও থেমে থাকেনি স্বাগতিকরা। ৫৮ মিনিটে মোহাইমিন ইসলাম একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দুর্দান্ত শটে জাল খুঁজে নিলে লিড পায় পিরোজপুর। ৭২ মিনিটে নিহাদ শেখের নিখুঁত অ্যাসিস্ট থেকে মেহেদী হাসান রানা চমৎকার ফিনিশে ব্যবধান বাড়িয়ে করেন ২-০। ম্যাচের শেষ দিকে, ৮৬ মিনিটে আবারও একক নৈপুণ্যে বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করে দলের জয় ও শিরোপা নিশ্চিত করেন মেহেদী হাসান।
ঝালকাঠি জেলা দল কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি এবং রানারআপ হিসেবেই টুর্নামেন্ট শেষ করে। ম্যাচের পরিসংখ্যানে পিরোজপুর ছিল স্পষ্টভাবে এগিয়ে। তারা ৬টি কর্নার ও ৫টি ফ্রি কিক আদায় করে নেয় এবং অন টার্গেটে শট নেয় ৭টি। অন্যদিকে ঝালকাঠির কর্নার ছিল ৪টি, ফ্রি কিক ৩টি এবং অন টার্গেটে শট ৪টি।
দুটি গোলসহ ধারাবাহিক পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন পিরোজপুর জেলার অধিনায়ক মেহেদী হাসান রানা।
