জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি।
আজ বুধবার (২১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন।
গোলাম পরওয়ার বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়ায় শ্রমিকদের অবস্থা ভালো না; অথচ চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছেন প্রধানমন্ত্রী। বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছেন, আলোচনার মাধ্যমে সরকারের তা মেনে নেওয়া উচিত।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে গুম-খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার। সাত মাসে সরকার লেজে-গোবরে জড়িয়ে গেছে।
বিএনপি নিজেই তাদের ৩১ দফা মানছে না দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ৯ নম্বর দফার বিপরীতে গিয়ে সব ক্ষেত্রই দলীয়করণ করছে সরকার।
সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে ন্যায়বিচার, গণতন্ত্র, আইনের শাসন এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে রাজনীতিকে জনগণের অধিকার ও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই বাংলাদেশ লেবার পার্টির রাজনীতির মূল লক্ষ্য।
ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁইয়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল।
বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম মামুন, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, ফেরদৌস আলম, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, যুবমিশন আহ্বায়ক সালমান খান বাদশা, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, ঢাকা মহানগর লেবার পার্টির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পাটোয়ারী, গোলাম আজম, আহসান হাফিজ, যশোর জেলা সদস্য সচিব মো. রাজ্জাকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম মামুন, মহানগর সদস্য সচিব মো. সিয়াম মোল্লা প্রমুখ।
