আজকাল ওয়েবডেস্ক: সমালোচকদের একহাত নিলেন মহম্মদ সামি। প্রায়ই তারকা পেসারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে। স্পষ্ট জানান, মাঠে তাঁর পারফরম্যান্স ফিটনেসের প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য সামি। বল হাতে ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স সত্ত্বেও, ভারতীয় দলে ডাকা হচ্ছে না তাঁকে। বাংলার তারকা পেসারের দাবি, আর জাতীয় দলে ফেরা নিয়ে ভাবছেন না। নিজের কাজ করে যেতে চান। খেলাটা উপভোগ করতে চান। কল্যাণীতে দিল্লির বিরুদ্ধে ওপেনিং ম্যাচে চার উইকেট নেওয়ার পর এমন জানান সামি। দাবি, লোকজন তাঁকে নিয়ে মন্তব্য করতে বেশি ভালবাসে। সামি বলেন, 'লোকে বেশি দেখতে এবং মন্তব্য করতে পছন্দ করে। ওদের দাবি, আমার ছন্দ নেই, আমি ফিট নই, বা অন্য কিছু। যদিও আমি সেইসব পাত্তা দিই না। আমি মাঠে আছি, খেলা চালিয়ে যাচ্ছি, সুযোগ পেলে নিজের সেরাটা দিচ্ছি। বাকিটা তাঁদের কাজ।'
চার বছর পর ভারতীয় দলে ফেরেন ভুবনেশ্বর কুমার। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাননি সামি। ঘরোয়া ক্রিকেটে একটানা দারুণ পারফরম্যান্স সত্ত্বেও উপেক্ষিত তিনি। এই প্রসঙ্গ উঠতেই বাংলার পেসার স্পষ্ট জানিয়ে দেন, মাঠের বাইরের রাজনীতি নিয়ে তাঁর মাথাব্যথা নেই। সামি বলেন, 'আমি এই নিয়ে মন্তব্য করা ছেড়ে দিয়েছি। এগুলো আর আমার জন্য পার্থক্য গড়ে দেয় না। যে যা খুশি করতে চায়, করুক। আমার কাজ শুধুই খেলে যাওয়া।'
বাইশ গজকে গুডবাই জানানোর সিদ্ধান্ত এখনও নেননি। ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। ভুবনেশ্বর ফের জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশি তাঁর এককালীন সতীর্থ। বাংলার পেসার মনে করেন, এটা বাকিদের প্রেরণা যোগাবে। সামি বলেন, 'আশার ওপর ভরসা করে একজন এগিয়ে যেতে পারে। ওর দক্ষতা আছে। তারমানে এই নয় এই বিষয়ে ও কারোর সঙ্গে কথা বলেনি। তবে একজন প্রতিভাবান বোলারকে বেশিদিন দলের বাইরে রাখা উচিত নয়। আমি ওর জন্য খুশি। দীর্ঘ বছর পর এমন হয়েছে। আইপিএলে নিয়মিত ধারাবাহিকতা দেখিয়েছে। যদি কেউ পরিশ্রম করে, দক্ষতার পরিচয় দেয়, তাহলে তাঁরা খেলবে না কেন? সবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া উচিত।' দীর্ঘ চার বছর পর ভুবি দলে ফিরলেও, আদৌ সামির জন্য আর কোনওদিন ভারতীয় দলের দরজা খুলবে কিনা, সেটাই বড় প্রশ্ন।
