Published on
:
2 min read
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আসন জট কেটেও কাটছে না! সূত্রের খবর, উত্তরপ্রদেশের ৪০৩ বিধানসভা আসনের মধ্যে ১৭০টিতে লড়তে চেয়ে সমাজবাদী পার্টির হাতে নিজেদের পছন্দের আসনের তালিকা তুলে দিয়েছে কংগ্রেস৷ আগামী বছরের গোড়ার দিকেই যোগী–রাজ্যের বিধানসভা ভোট। সেখানে আসন সমঝোতা নিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি কিছু বলার আগেই কংগ্রেস জানিয়ে দিয়েছিল— তারা ১৫০টির কম আসনে লড়তে রাজি নয়! কংগ্রেসের এই আকাশছোঁয়া চাহিদা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই সনিয়া-রাহুল-খাড়গে-প্রিয়াঙ্কাদের মনোভাবকে কাঠগড়ায় তুলেছিলেন অখিলেশ৷ সাফ জানিয়েছিলেন, আসন সমঝোতাকে প্রাধান্য না দিয়ে বিজেপিকে হারানোই বিরোধী জোটের মূল লক্ষ্য হওয়া উচিত৷ অখিলেশের তাত্পর্যপূর্ণ মন্তব্য ছিল, ‘বিজেপিকে হারানোর জন্য যাঁরা আমাদের সঙ্গে হাত মেলাতে চান, তাঁদের সকলকে স্বাগত৷’ এর পরেই কংগ্রেস তাদের পছন্দের আসন তালিকা সমাজবাদী পার্টির হাতে তুলে দিয়েছে বলে খবর।
নিজেদের পছন্দের আসন তালিকা তৈরির ক্ষেত্রে কংগ্রেস নাকি আসনগুলোর শ্রেণিবিন্যাস করেছে—‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’। ‘এ’ শ্রেণিভুক্ত আসনগুলিতে শুধুমাত্র কংগ্রেসের মনোনীত প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, ‘বি’ শ্রেণির আসনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কংগ্রেস সামান্য নমনীয় হতে পারে৷ ‘সি’ এবং ‘ডি’ গ্রেডগুলির আসনে সমাজবাদী পার্টি দর কষাকষির সুযোগ পাবে বলে জানানো হয়েছে কংগ্রেসের তরফে৷ কংগ্রেস হাইকম্যান্ডের এই প্রস্তাব সপা নেতৃত্ব কী ভাবে দেখেন, তার উপরেই নির্ভর করছে বিরোধী শিবিরের ভোট সমীকরণ— এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ৷
২০২২–এ উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি একজোট হয়ে লড়েনি৷ এর জেরে শোচনীয় পরাজয় হয় কংগ্রেসের৷ ৩৯৯টি আসনে লড়াই করে কংগ্রেস পেয়েছিল মাত্র ২টি আসন, ভোট শেয়ার ছিল মাত্র ২.৩ শতাংশ৷ অন্যদিকে, ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১১১টিতে জয়ী হয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছিল সপা৷ তাদের ভোট শেয়ার ছিল ৩২.১ শতাংশ৷ ২০২৪–এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে জোট বেঁধে লড়ে ৮০টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস-সপা জোট জিতেছিল ৪৩টি আসনে৷ গো-বলয়ের সবথেকে বড় রাজ্যে ‘ইন্ডিয়া’ শিবিরের দুই সদস্য জোর ধাক্কা দিয়েছিল বিজেপিকে৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের পছন্দের ১৭০টি আসনের প্রার্থী তালিকা দেখে অখিলেশের দল কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার৷