সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববিতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মানুষ এসেছেন। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এ সময়ে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন। এ ছাড়া ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন অতিথি সেবাকেন্দ্রের সেবা নিয়েছেন।
দর্শনার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে এ সময়ে ৮১ হাজার ২৪৩ জন মসজিদে নববির গ্রন্থাগার পরিদর্শন করেছেন। অন্যদিকে মসজিদটির বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।
কর্তৃপক্ষ জানায়, এসব পরিসংখ্যান দর্শনার্থীদের উন্নতমানের সেবা দেওয়ার চলমান প্রচেষ্টার প্রতিফলন। এর মাধ্যমে মুসল্লি ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি মসজিদে নববিতে শান্ত পরিবেশে নামাজ আদায়ের সুযোগ সহজ করা হচ্ছে।
উল্লেখ্য, মুসলমানদের কাছে মদিনা দ্বিতীয় পবিত্রতম শহর। মক্কার পরেই পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে মদিনাকে সম্মানিত করা হয়েছে। মদিনা শহরের প্রাতিষ্ঠানিক নাম ‘আল মদিনা আল মোনাওয়ারা’, যার বাংলা অর্থ আলোর শহর। নবীর নামেও চেনে মানুষ। ইসলামের প্রথম রাষ্ট্র পরিচালনা শুরু হয় এ শহর থেকেই। নবী কারিম (সা.)-এর আগমনের আগে এ শহরের নাম ছিল ইয়াসরিব।
মদিনা শহরের মোট আয়তন ৪৪৫.৫ কিলোমিটার বা ২২৭ বর্গমাইল। নবী কারিম (সা.)-এর রওজা মোবারক মদিনায় অবস্থিত। প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম মদিনা শহরে আসে নবী কারিম (সা.)-এর রওজা মোবারকে সালাম পেশ করতে।
