হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের ৫০ সদস্য ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা হাইতির উদ্দেশে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইতিতে জাতিসংঘ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে দেশ ছেড়েছেন।
হাইতির উদ্দেশে যাত্রার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে হাইতিতে এ মোতায়েন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জাতিসংঘের উদ্যোগে পরিচালিত এ বাহিনীতে বাংলাদেশের সেনাসদস্যদের অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় দেশের অবদান অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
The post হাইতিতে জাতিসংঘ মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ৫০ সেনা appeared first on ভোরের চেতনা.
