সৌদিতে ফ্লাইট বিঘ্ন, যাত্রীদের ভোগান্তি কমাতে বেবিচকের জরুরি নির্দেশনা
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্দেশনায় ফ্লাইটের সর্বশেষ তথ্য দ্রুত জানানো, টিকিট পুনঃবুকিং, অর্থ ফেরত এবং বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় এসব বিষয় উল্লেখ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দর বন্ধ, ফ্লাইট বিলম্ব, বাতিল কিংবা সময়সূচিতে পরিবর্তনের কারণে যেসব যাত্রী ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের দ্রুত পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে হবে। এ জন্য এসএমএস, টেলিফোন, ইমেইল, ওয়েবসাইট ও সামাজিকমাধ্যমসহ কার্যকর যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে, যাতে যাত্রীরা সময়মতো প্রয়োজনীয় তথ্য পান।
এতে আরও বলা হয়েছে, শুধু ফ্লাইট বাতিল বা বিলম্বের খবর জানালেই চলবে না। পরিবর্তিত সময়সূচি, টিকিট পুনঃবুকিংয়ের সুযোগ, অর্থ ফেরতের প্রক্রিয়া এবং যাত্রীদের করণীয় সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা দিতে হবে। এতে যাত্রীরা নিজেদের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন।
নির্দেশনায় বিমানবন্দরে যাত্রীদের অযথা ভোগান্তি এড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত না করে কোনো যাত্রীকে বিমানবন্দরে যেতে বলা যাবে না। পাশাপাশি, ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার কারণে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে।
বেবিচকের এ নির্দেশনার মূল লক্ষ্য হলো, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হলে যাত্রীরা যেন অপ্রয়োজনীয় দুর্ভোগের শিকার না হন। একই সঙ্গে ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য, টিকিট পুনঃবুকিং ও অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে যাত্রীদের যথাযথভাবে অবহিত করে যাত্রীসেবা স্বাভাবিক রাখা।
.png&w=1440&q=75)