The Sangbad · সাধারণ
মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
১৬/১০/২০২৬

নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের নরেন্দ্র মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যেকোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেও তিনি ঘোষণা দিয়েছেন, জাতীয় পতাকা ওড়ানোর অপরাধে জেলে যেতে হলেও তিনি পিছপা হবেন না।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সদস্যরা তার বাড়ির ওপর নজরদারি চালাচ্ছেন এবং নম্বরপ্লেটবিহীন গাড়ি দিয়ে তাকে অনুসরণ করা হচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) তেরঙ্গা মিছিলের আগেই তাকে দিল্লি পুলিশ আটক করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় সিজেপি। তবে কর্মসূচির ভেন্যু সেন্ট্রাল পার্কটি ১৬ ও ১৭ অক্টোবর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দীপকে প্রশ্ন তোলেন, “জাতীয় পতাকা ওড়ানো কি এখন ভারতে অপরাধ?”ভারতের বর্তমান পরিস্থিতিকে 'অঘোষিত জরুরি অবস্থা'র সঙ্গে তুলনা করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্যে করে বলেন, “তেরঙ্গাকে এত ভয় ও ঘৃণা করার কারণ কী? এসব ভয় দেখিয়ে আমাদের প্রতিবাদ থামানো যাবে না।” তিনি স্পষ্ট করেন, তাদের এই লড়াই সরকার পতনের জন্য নয়, বরং একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে।/
মূল প্রতিবেদনে যান ↗