প্রায় এক দশক পর ফের জাতীয় স্তরের টেবল টেনিস প্রতিযোগিতা আয়োজন করার পথে শিলিগুড়ি। ডিসেম্বরে হতে চলা জাতীয় জুনিয়র এবং যুব চ্যাম্পিয়নশিপ হতে পারে উত্তরবঙ্গের এই শহরে। ইতিমধ্যে সেই প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে রাজ্য টেবল টেনিস সংস্থার তরফে।
মাস দু’য়েক আগে জাতীয় টেবল টেনিস ফেডারেশনে নানা অনিয়মের অভিযোগে কার্যনির্বাহী কমিটিকে নির্বাসিত করেছে জাতীয় অলিম্পিক সংস্থা। পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের অ্যাড-হক কমিটিকে। শনিবার কমিটির তরফে প্রকাশ করেছে টেবল টেনিসের বার্ষিক ক্যালেন্ডার। সেখানে মরশুমে কোথায় এবং কবে বিভিন্ন প্রতিযোগিতা হবে, তার একটা সম্ভাব্য তালিকা দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী, ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় জুনিয়র এবং যুব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা বাংলায়। রাজ্য সংস্থার অন্দরে খোঁজ নিয়ে জানা গিয়েছে, কলকাতা নয়, প্রতিযোগিতার আয়োজক হতে চলেছে শিলিগুড়ি।
ইতিমধ্যেই সেই সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়েছে ফেডারেশনের দায়িত্ব থাকা অ্যাড-হক কমিটির কাছে। তারা সিলমোহর দিলেই সরকারিভাবে আয়োজক হয়ে যাবে শিলিগুড়ি। এ প্রসঙ্গে উত্তরবঙ্গের টিটি-র মুখ মান্তু ঘোষ বলছিলেন, “২০১৭ সালেও এই প্রতিযোগিতা আয়োজন করেছি। একাধিক জাতীয় চ্যাম্পিয়নশিপ, জোনাল প্রতিযোগিতাও অতীতে হয়েছে শিলিগুড়িতে। কমবেশি হাজার দু’য়েক প্রতিযোগী অংশ নিয়ে থাকে এই প্রতিযোগিতায়। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে খেলাগুলি হবে।”
শুধু এই প্রতিযোগিতাই নয়, একটা জাতীয় র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনাও রয়েছে বাংলার। বছরে পঁাচটা র্যাঙ্কিং প্রতিযোগিতা হয়। তার দু’টো ইতিমধ্যেই হয়েছে। একটা পাচ্ছে ফাগোয়ারা। দেরাদুনে হতে পারে চতুর্থ প্রতিযোগিতা। পঞ্চম তথা শেষ র্যাঙ্কিং চ্যাম্পিয়নশিপের দাবি জানাতে পারে বাংলা। তবে সেক্ষেত্রে পরপর দু’টো প্রতিযোগিতা হবে রাজ্যে। পঞ্চম র্যাঙ্কিং প্রতিযোগিতা হওয়ার কথা ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। তার পরের সপ্তাহেই জাতীয় জুনিয়র ও যুব চ্যাম্পিয়নশিপের সময় বরাদ্দ করা হয়েছে। পরপর দু’টো প্রতিযোগিতা বাংলাকে দেওয়া নিয়ে অন্য রাজ্য সংস্থাগুলির আপত্তি জানানোর সম্ভাবনা রয়েছে। সেটা অজানা নয় বঙ্গ টিটি-র কর্তাদেরও। তাই আপাতত অন্য রাজ্যগুলি পঞ্চম র্যাঙ্কিং প্রতিযোগিতা আয়োজন নিয়ে কিছুটা ‘ধীরে চলো’ নীতি নিচ্ছে বাংলা। বরং শিলিগুড়িতে হতে চলা প্রতিযোগিতা আয়োজন করার উপর জোর দেওয়া হচ্ছে।
