সিলেট, ২৫ অক্টোবর: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ এহতেশামুল হক হীরাকে সংবর্ধনা দেবে সিলেট জেলা ও মহানগর যুবদল। এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর নাইওরপুল পয়েন্ট সংলগ্ন উৎসব রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ স্থান অর্জন বাংলাদেশের জন্য গৌরব ও সম্মানের। সেই অর্জনে সম্মাননা জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মী এবং সুধীজনদের উপস্থিতির আহ্বান জানানো হয়েছে।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী; সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী; সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার এ তথ্য নিশ্চিত করেছেন।
আয়োজকরা বলছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ এহতেশামুল হক হীরার অর্জন দেশের কোরআন শিক্ষা ও হিফজ প্রশিক্ষণে অনুপ্রেরণা জোগাবে। সংবর্ধনা অনুষ্ঠানটি সেই সাফল্যকে সম্মান জানানোর একটি উদ্যোগ হিসেবে আয়োজন করা হয়েছে।

