দিল্লি,১৮ অক্টোবর-চলতি বছরের ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় আইপিএলের পরবর্তী আসরের মিনি-নিলাম অনুষ্ঠিত হবে। চার বছর বিরতির পর এই আয়োজন আবারও ভারতের মাটিতে ফিরছে। নিলামের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলকে। এ জন্য বিসিসিআইয়ের লজিস্টিকস টিম ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভ্রমণের প্রস্তুতি নিতে বলেছে। তবে দলগুলোর কাছে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর আগে ২০২৩ সালে দুবাইয়ে, ২০২৪ সালের নভেম্বরে জেদ্দায় এবং ২০২৫ সালের ডিসেম্বরে আবুধাবিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। বিসিসিআই নিলামটি ভারতে ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু বিয়ের মৌসুমে বিভিন্ন আয়োজনের ভিড় থাকায় উপযুক্ত ভেন্যু খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছিল।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, যেহেতু এটি ছোট পরিসরের নিলাম হতে যাচ্ছে, তাই বোর্ড এবার অবশ্যই ভারতে আয়োজন করতে চায়। ২০২৪ সালে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামের তুলনায় আগামী ডিসেম্বরের নিলামটি অনেক ছোট পরিসরে হবে বলে আশা করা হচ্ছে। বর্তমান চক্রের এটিই শেষ মিনি-নিলাম। ১০টি ফ্র্যাঞ্চাইজিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজেদের খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে।
নিলামের নির্ধারিত তারিখে বেঙ্গালুরুতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিরিজটি দিল্লিতে শুরু হয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ হওয়ার কথা। এখন দেখার বিষয়, ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আসে কি না। এ ছাড়া ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ওয়ানডে ম্যাচের ভেন্যু পরিবর্তনের খবরও শোনা গিয়েছিল। তবে বিসিসিআই ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
এরই মধ্যে খেলোয়াড় অদলবদলের (ট্রেড) মাধ্যমে দলগুলোর কাঠামোয় পরিবর্তন এসেছে। ঋষভ পন্ত লখনউ সুপার জায়ান্টস থেকে আবার দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন। অন্যদিকে কুলদীপ যাদব যোগ দিয়েছেন লখনউ দলে। পন্ত ১৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে এবং কুলদীপ ১৩ কোটি ৫০ লাখ টাকায় লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন। পেসার টি নটরাজন ৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গেছেন। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস ৪০ লাখ টাকায় স্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে।
পয়েন্ট তালিকার নিচের দিকে থাকার কারণে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন পন্ত। এদিকে বিসিসিআই ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে নতুন করে মতামত জানতে চেয়েছে। সম্প্রতি গভর্নিং কাউন্সিলের এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। এই নিয়ম অনুযায়ী, ম্যাচের যেকোনো পর্যায়ে দলগুলো একজন বদলি খেলোয়াড় মাঠে নামাতে পারে। নিয়মটি ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।
শুভমান গিল, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল এই নিয়মের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এর ফলে প্রকৃত অলরাউন্ডারদের ভূমিকা কমে যাচ্ছে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবে।
২০২৭ সালের আইপিএল মৌসুমে অস্ট্রেলীয় খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েও এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। কারণ, সে সময় আন্তর্জাতিক ক্রিকেটের সূচি বেশ ব্যস্ত থাকবে। অস্ট্রেলিয়ার ভারতে পাঁচটি টেস্ট খেলার কথা রয়েছে। এরপর দলটির অ্যাশেজ সিরিজ খেলতে যুক্তরাজ্যে যাওয়ার কথা। আইপিএল শুরুর আগে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হতে যাওয়া ১৫০তম বার্ষিকী টেস্টে খেলার সম্ভাবনাও রয়েছে।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
