নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়কের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার (৩০) ও তার মেয়ে রাফা মনি (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে ঘুরতে আসেন। পরে তারা রাত সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান। স্থানীয়রা রাফা মনিকে গুরুতর আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমার আক্তারের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
