ভাষা ও সুনির্দিষ্ট কর্মদক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে নিয়মিত ও বৈধ পথে বাংলাদেশি কর্মী প্রেরণে আগামী মাসে ঢাকায় একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। এ কর্মসূচির আওতায় আগ্রহী কর্মীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি এবং প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ ও দক্ষ জনশক্তি নেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচির একটি রূপরেখা তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের ইতালিতে কাজের উপযোগী করে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি প্রেরণ এবং তরুণদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা নিশ্চিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম শীর্ষ অগ্রাধিকারপ্রাপ্ত কাজ। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দায়িত্বশীল ও গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত। দুই দেশের পারস্পরিক অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করে তিনি যেকোনো সমস্যা, চ্যালেঞ্জ কিংবা নতুন সম্ভাবনার ক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে একসাথে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যকার নিবিড় যোগাযোগের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি নাগরিক ইতালিতে স্থায়ী ও সুনামের সাথে বসবাস করছেন এবং তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করা হয়। এ সময় অনিয়মিত পথ পরিহার করে কিভাবে বৈধ অভিবাসনের সুযোগ আরও বাড়ানো যায় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালি ভিসা প্রাপ্তির সংখ্যা ও প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়ে বিশদ আলোচনা হয়।
সাক্ষাৎকালে ঢাকাস্থ ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি উপস্থিত ছিলেন।
