ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার কাছ থেকে ২০২৪ সালে অতিরিক্ত ১৭ লাখ ২০ হাজার ডলার (প্রায় ২১ কোটি ২২ লাখ টাকা) পেয়েছেন। তবে এই অর্থ পাওয়ার তথ্য ফিফার বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। ফিফা ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার (আইআরএস) নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে ফিফার স্বচ্ছতা ও নিজস্ব বিধি অনুসরণের প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর প্রতি বছর জমা দেওয়া বাধ্যতামূলক করসংক্রান্ত নথি আইআরএস ফরম ৯৯০-এ ইনফান্তিনোর অতিরিক্ত পারিশ্রমিকের তথ্য উঠে এসেছে। নথি অনুযায়ী, ২০২৪ সালে ফিফার গঠিত সংস্থা এফডব্লিউসি ২০২৬ থেকে ১৭ লাখ ২০ হাজার ডলার পান তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা ২০২৬ বিশ্বকাপের আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিল। এই অর্থ ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর নিয়মিত বেতন ও সুযোগ-সুবিধার বাইরে। ফিফার ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ওই বছর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে তিনি পেয়েছেন ৪২ লাখ ৭৪ হাজার সুইস ফ্রাঁ, যা প্রায় ৪৮ লাখ ৬০ হাজার ডলারের (প্রায় ৬০ কোটি টাকা) সমান।
অর্থাৎ, ফিফার কাছ থেকে নিয়মিত পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার কাছ থেকেও উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পেয়েছেন ইনফান্তিনো। কিন্তু অতিরিক্ত এই পারিশ্রমিক ফিফার ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এফডব্লিউসি ২০২৬-এর সর্বশেষ প্রকাশ্য আইআরএস ফরম ৯৯০-এ অবশ্য অর্থ প্রদানের তথ্য রয়েছে।
ফিফার বিধিতে কী বলা আছে : ফিফার সংবিধির ৪৩ নম্বর অনুচ্ছেদের ১৩ নম্বর ধারায় সভাপতি, কাউন্সিলের সদস্য এবং মহাসচিবের পারিশ্রমিক নির্ধারণ ও প্রকাশের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেখানে বলা হয়েছে, ফিফার পারিশ্রমিকবিষয়ক উপকমিটি সভাপতি, কাউন্সিলের সদস্য এবং মহাসচিবের পারিশ্রমিক নির্ধারণ করবে। তাদের প্রত্যেকের ব্যক্তিগত পারিশ্রমিকের তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে। ইনফান্তিনোর অতিরিক্ত অর্থ পাওয়ার তথ্য প্রকাশ না করায় এই বিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ফিফা কর্তৃপক্ষ কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
এ বিষয়ে ইএসপিএনের সঙ্গে খুদে বার্তায় যোগাযোগ করা হলে ফিফার এক মুখপাত্র বলেন, সংস্থাটি সব ধরনের প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে মেনে চলে। ফিফার সংবিধি লঙ্ঘনের কোনো ইঙ্গিতও তারা জোরালোভাবে প্রত্যাখ্যান করছে।
ইনফান্তিনোর অতিরিক্ত পারিশ্রমিকের বিষয়টি প্রথম প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। একই সঙ্গে ফিফার বিধি লঙ্ঘনের সম্ভাব্য বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে।
ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মিগেল মাদুরো দ্য টাইমসকে বলেন, ফিফার সঙ্গে সম্পর্কিত অন্য কোনো প্রতিষ্ঠান থেকে সভাপতি অতিরিক্ত অর্থ পেলে এবং সেই অর্থের তথ্য প্রকাশ করা না হলে তা বিধির স্পষ্ট লঙ্ঘন।
মাদুরোর ভাষ্য, ফিফার সংবিধিতে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে। পারিশ্রমিকবিষয়ক উপকমিটিরও অন্য কোনো পদ্ধতিতে দেওয়া পারিশ্রমিকের তথ্য গোপন রাখার অনুমতি দেওয়া উচিত নয়। ইনফান্তিনোকে যথেষ্ট ভালো পারিশ্রমিক দেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। তবে সেটি অবশ্যই স্বচ্ছতার সঙ্গে হতে হবে।
