প্রকাশিত: ১৫:৩০, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:৫৩, ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
গাজীপুর মহানগরীর টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর এবার মারা গেছে তাদের মেয়ে তানিশা (১৬)।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।
তানিশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মো. জিহাদ আলী। তিনি জানান, গত বুধবার রাত ৮টার দিকে তার ভগ্নিপতি লাল চান মিয়া (৬০) ও বোন নাসিমা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার সকালে তাদের মেয়ে তানিশাও মারা গেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
নিহতদের পরিবার টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়িসংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকত।
পরিবারের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে যায়। একপর্যায়ে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়লে লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় তানিশার মৃত্যু হয়েছে। এর আগে তার বাবা-মা মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
