লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা ও সংঘর্ষে প্রধান শিক্ষক রশিদুল ইসলামসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলে প্রতিপক্ষের লোকজন ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রধান শিক্ষক ও চার শিক্ষার্থী আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার সমন্বয়ে প্রধান শিক্ষক রশিদুল ইসলামকে জোরপূর্বক বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হচ্ছিল। বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রধান শিক্ষককে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সাধারণ শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করলে প্রতিপক্ষের লোকজন ও বহিরাগতদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের ভাষ্য, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়। পরে তিনি নিজেও সেখানে যান। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/
