প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে বিশেষ নিরাপত্তাবেষ্টনী পরিবেষ্টিত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে তিনি রাজশাহী নগরীতে প্রবেশ করেন। যাত্রাপথে সড়কের দুই পাশে ভিড় করা হাজারো উৎসুক জনতাকে লক্ষ্য করে বাস থেকে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
এই সফরকে কেন্দ্র করে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামক একটি জনপ্রিয় ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাসটির ছবি পোস্ট করে প্রশ্ন তোলা হয়— “সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন?” ওই পোস্টের নিচে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়, “ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”
অনলাইনে উসকানিমূলক মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্ক ও নিরাপত্তার নানা সংশয় তৈরি হয়। মন্তব্যটির নেপথ্য উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে কোনো বাস্তব হুমকি ছিল কি না, তা খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সংবাদমাধ্যমকে বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনার পেছনের উদ্দেশ্য উন্মোচন করা অত্যন্ত জরুরি।” দলটির স্থানীয় সহসভাপতি আলী আশরাফ মাসুমও বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের জোর দাবি জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মন্তব্যটি চরম উদ্বেগজনক, দায়িত্বজ্ঞানহীন এবং গুরুতর অপরাধমূলক। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি অভিযুক্তকে সাইবার নজরদারির মাধ্যমে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেএইচআর
