Published on
:
2 min read
আস্তিকরা মনে করেন, ভক্তিভরে ঈশ্বরের কাছে কিছু চাইলে, তিনি নিরাশ করেন না। মনু মেতুরবালা তাই করেছিলেন। জীবনের সবথেকে কাছের মানুষটি দীর্ঘদিন রোগে ভুগছেন। মায়ের কষ্ট মেনে নিতে পারছিলেন না ১৯ বছর বয়সি বিহারের যুবক মনু। ভগবান শিবের কাছে মানত করেছিলেন, মা সুস্থ হয়ে উঠলে দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন। মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। মা সুস্থ হতেই দেশের নানা প্রান্তে থাকা ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে বেরিয়ে পড়েছেন মনু। যানবাহনে নয়, নিজের পায়ে দৌড়ে পৌঁছে যাচ্ছেন এক রাজ্য থেকে আরেক রাজ্যে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই যাত্রার ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
‘নাস্তি মাতৃসমা ছায়া নাস্তি মাতৃসমা গতিঃ / নাস্তি মাতৃসমা ত্রাণং নাস্তি মাতৃসমা প্রজা’। মায়ের মতো কোনও জীবনদাত্রী বা প্রিয় সত্তা নেই এই ধরাভূমে। মায়ের সুখের জন্য আকাশ-পাতাল এক করে দিতে পারেন সন্তান— সেই কথা প্রমাণ হয়েছে বার বার। সে রকমই মনুর মাতৃভক্তি এখন চর্চায় সোশ্যাল মিডিয়ায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিছুদিন আগে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন মনু। সেই কঠিন সময়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করেন তিনি। মনু মানত করেছিলেন, মা সুস্থ হয়ে উঠলে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তিনি। মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার পরে সেই প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নেন তিনি। প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার দৌড়ে ইতিমধ্যেই প্রায় ৮ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন মনু। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে পাঁচটিতে পুজোও দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়েছে।
Meet Monu Maturbala, a 19-year-old from Bihar’s Araria. When his mother fell seriously ill, he vowed to Lord Shiva that he would visit all 12 Jyotirlingas if she recovered. Today, he is running nearly 50 km daily to fulfil his promise. He has covered 8,000 km and visited 5 Jyotirlingas. A son’s devotion, a Bihari’s determination! 🙏🚩
— Bihari Man (@BihariMan1) October 21, 2026
চলতি বছরের ১৫ মার্চ থেকে যাত্রা শুরু করেছেন মনু। নিজের গন্তব্যে পৌঁছতে মনুকে দীর্ঘ রাস্তা পেরোতে হচ্ছে। রয়েছে আবহাওয়ার প্রতিকূলতাও। দীর্ঘ পথ যাত্রার পরে শারীরিক ক্লান্তিও বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে নিজের সংকল্পে অটল মনু। দেশের বাকি রাজ্যে অবস্থিত জ্যোতির্লিঙ্গ দর্শন করাই এখন তাঁর লক্ষ্য।দৌড়ে ইতিমধ্যেই প্রায় ৮ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন মনু।
মনুর কথা শুনে অনেকেই মনে করছেন পৌরাণিক কাহিনি শ্রবণ কুমারের কথা। অন্ধ মা-বাবাকে নিজের কাঁধে বাঁকে করে তীর্থযাত্রায় নিয়ে যাওয়ার গল্প সবারই জানা।নিজের যাত্রার ভিডিয়ো @monu_betaurabala নামে একটি ইনস্টাগ্রাম পেজ-এ তুলে ধরেছেন মনু। মায়ের প্রতি তাঁর ভালোবাসা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি নিষ্ঠাবান মনুর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অনেকেই কুর্নিশ জানাচ্ছেন তাঁকে। অনেকে প্রার্থনা করেছেন, তিনি যেন তাঁর লক্ষ্যপূরণে সফল হন।
