শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
পরে বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, রংপুরে ধর্মসভায় অংশগ্রহণ ও রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর দেড়টায় একটি মন্দির পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পরে রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
সফরের বিভিন্ন কর্মসূচিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
The post সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
