জেএফকেতে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ভিডিও ভাইরাল
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
-->মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ সময় তার বিরুদ্ধে হত্যা, গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান তারা।
সোমবার (১২ অক্টোবর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এতে বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজনকে উচ্চস্বরে আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতেও শোনা যায়।
এ ছাড়া বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে শোনা যায়।
ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’
একপর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও করেন তিনি।
ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’
পাশাপাশি দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
পরে কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীর মধ্যে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিফাত/
