কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে বারাসতের প্যান্ডেল পরিদর্শনে পুলিশকর্তারাEi Samay
Published on
:
1 min read
এই সময়, বারাসত: কালীপুজোয় জাঁকজমকের খ্যাতি রয়েছে বারাসত শহরের। পুজোর কয়েকটা দিন শহরে বিপুল দর্শনার্থীদের জনসমাগমে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এ বার আগে ভাগেই তৎপর হলো বারাসত জেলা পুলিশ। শুক্রবার শহরের আটটি কালীপুজোর প্যান্ডেল পরিদর্শন করেন জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা।
কলকাতার চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পথ, সিসিটিভি ক্যামেরা এবং ভিড় নিয়ন্ত্রণের পরিকাঠামো খতিয়ে দেখেন পুলিশকর্তারা। উপস্থিত ছিলেন বারাসত পুলিশ জেলার সুপার জি মার্সি, অতিরিক্ত পুলিশ সুপার শুভম বাজাজ, দুর্বার বন্দ্যোপাধ্যায়, ডিএসপি ট্রাফিক নীহাররঞ্জন রায়, বারাসতের এসডিপিও শুভাঙ্গী সুদর্শন কেকান, বারাসত থানার আইসি অনুপম চক্রবর্তী।
পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জনস্রোত সামাল দেওয়ার ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশকর্তারা। কতজন নিরাপত্তারক্ষী ও স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছেন, দর্শনার্থীদের সুষ্ঠু ভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে কি না, মহিলা দর্শনার্থীদের নিরাপত্তায় কী কী পদক্ষেপ করা হয়েছে সে দিকেও বিশেষ নজর দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপে প্রবেশ ও বেরনোর পথ যথেষ্ট প্রশস্ত রাখতে হবে। প্রতিটি মণ্ডপ ও সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রাখতে হবে। জলাধারের পাশে কোনও মণ্ডপ তৈরি হলে জলাধারটি চারদিক দিয়ে ঘিরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে ড্রপগেট তৈরি এবং যানজট এড়াতে উপযুক্ত পার্কিং ব্যবস্থার উপরেও জোর দিয়েছে পুলিশ।
বারাসত শহরে এ বার ১৯টি বড় বাজেটের কালীপুজো হচ্ছে। ফলে, বিপুল দর্শনার্থীর ভিড় সামাল দেওয়া এবং অপ্রীতিকর ঘটনা এড়ানো পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ।
