প্রকাশিত: ১৫:২৯, ১৪ অক্টোবর ২০২৬ আপডেট: ১৫:৩১, ১৪ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অগ্নিনির্বাপণ কার্যক্রমে পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগ দেয়
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পাওয়ার এক মিনিটের মধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পর্যায়ক্রমে বিভিন্ন স্টেশন থেকে আরো ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যোগ দেয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি মিরপুর থেকে বিশেষায়িত হ্যাজম্যাট টেন্ডারও যুক্ত হয়।
প্রাথমিকভাবে কারখানাটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
উল্লেখ্য, আগুন লাগার পর ফায়ার সার্ভিস প্রথমে এসেনসিয়াল ড্রাগসের স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছিল। পরে সংশোধনী দিয়ে প্রতিষ্ঠানটির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বলে নিশ্চিত করা হয়।
