ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান করেছিল বিসিবি একাদশ। এরপর ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আজ ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।
দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল করেন ৭৮ বলে ৬৫ রান। আরেক ওপেনার ব্রেন্ডন কিং ৩৫ বলে ৪০ রান করেন। তিনে নামা ত্যাগনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে আসে ৯০ বলে ৩১ রান। বাকিদের মধ্যে কাভেম হজ ২৪ বলে ১৩, আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪, জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। আর কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ রানে ও অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ হোসাইন। একটি উইকেট নিয়েছেন অনিক দেব বর্মণ।
খুলনা গেজেট/এএজে
