বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতায় এসে ছয় মাসের মধ্যে তিন বার বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্ল্যান নিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ক্ষমতায় এসেছেন। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড নিজের দলের লোকেদের দিবেন, গণভোটের রায় বাস্তবায়নের কথা দিয়ে সেটা ভঙ্গ করার প্ল্যান নিয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন কিনা সে প্রশ্নও তোলেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের শহীদ মুন্সী ফজলুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যদের দিনব্যাপী লিডারশীপ ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এইসব সমস্যার ধাক্কা সামলাতে না পেরে সরকার এখন ১১ দলীয় জোটকে সামলাতে চায়। জামায়াতসহ ১১ দলীয় জোটকে সামলাতে না পেরে প্রধানমন্ত্রী এখন পীর ফকিরের দরবারে ধর্ণা দিচ্ছেন বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষা করতে না পারলে কোনও দোয়া-ফুঁতে কাজ হবেনা, যেমনটা আগের সরকারেরও হয়নি। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি এস এম লুৎফর রহমানসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
