দীর্ঘ সাত বছরের বিরতি শেষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের অনলাইনে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পোর্টালে https://convocation.nstu.edu.bd প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করা যাবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং), বি.এড. ও বি.ফার্ম. ডিগ্রির ক্ষেত্রে ২০১৪–১৫ থেকে ২০২০–২১ শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। তবে, ফার্মেসি বিভাগের স্নাতক শিক্ষার্থীরা এ তালিকার আওতাভুক্ত নন।
স্নাতকোত্তর, এম.ফিল., পিএইচডি ও অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে ২০১৫–১৬ থেকে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া, পিজিডিএলআইএস-এর ২০১৮ বি-থ্রি থেকে ২০২৩ বি-টুয়েলব এবং পিজিডিআইটি-এর স্প্রিং ২০১৮ থেকে সামার ২০২৪ সেশনের শিক্ষার্থীরাও নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন ফি হিসেবে একক ডিগ্রির জন্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর/ডিপ্লোমা; উভয় ডিগ্রির জন্য একসঙ্গে নিবন্ধন করতে হলে ফি দিতে হবে ৬ হাজার টাকা।
সনদপত্র সংগ্রহের ক্ষেত্রে মূল সনদ নেওয়ার সময় নিবন্ধন ফি পরিশোধের অনলাইন পেমেন্ট স্লিপ প্রদর্শন করতে হবে। যারা ইতিমধ্যে মূল সনদ সংগ্রহ করেছেন, তারাও মূল সনদপত্র জমা দিয়ে সমাবর্তনের জন্য নতুন করে নিবন্ধন করার সুযোগ পাবেন।
অন্যদিকে, যারা এখনো সাময়িক সনদপত্র (প্রোভিশনাল সার্টিফিকেট) সংগ্রহ করেননি, তাদের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে ফরম সংগ্রহ করতে হবে। এরপর নিজ বিভাগ, হল ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (ক্লিয়ারেন্স) নিতে হবে। তবে, যারা আগেই সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন, তাদের মূল সনদ নেওয়ার সময় সাময়িক সনদের মূল কপি জমা দিতে হবে।
প্রসঙ্গত, নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর আগামী ২৪ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
