হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে ব্যবহারকারীদের ফিডের চেহারা বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছে প্লাটফর্মটির মূল কোম্পানি মেটা।
সম্প্রতি অ্যাপটির অ্যালগরিদমে বিশেষ পরিবর্তন এসেছে, যেখানে ব্যবহারকারীরা তাদের পছন্দের ও ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্টই বেশি দেখতে পাচ্ছেন।
থ্রেডস প্রধান কনর হেইস বলেছেন, ব্যবহারকারীরা যা দেখতে বা পড়তে চান তা যেন ফিডে সহজে খুঁজে পান সেই লক্ষ্যেই অ্যালগরিদম পুনর্গঠন করা হয়েছে।
এ পদক্ষেপের ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা অনুসরণ করেন সেসব অ্যাকাউন্টের কনটেন্ট তাদের স্ক্রিনে বেশি প্রাধান্য পাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
সম্প্রতি এক্স ও থ্রেডসসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি, হঠাৎ করেই নাকি ইন্টারনেটে সক্রিয় স্বয়ংক্রিয় বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে।
এতদিন অপ্রাসঙ্গিক বা ভুয়া অ্যাকাউন্টের কনটেন্টে ফিড ভরে থাকলেও হঠাৎ করে নিজের পছন্দের মানুষ ও অ্যাকাউন্টগুলোর পোস্ট বেশি দেখতে পেয়ে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন অনেকে।
ব্যবহারকারীদের অনেকে এ পরিবর্তনের পেছনের কারণ হিসেবে রাশিয়ান প্রযুক্তি কোম্পানি ইয়ানডেক্স-এর ওপর হওয়া সাম্প্রতিক সাইবার হামলাকে দায়ী করছিলেন।
ওই হামলায় ইয়ানডেক্সের বিপুল সংখ্যক সার্ভার অচল হয়ে পড়েছিল। ফলে অনেকেই ধরে নিয়েছেন, রাশিয়ান সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণেই হয়ত ইন্টারনেটের রোবোটিক বা ফেইক ট্রাফিক রাতারাতি গায়েব হয়ে গেছে।
গবেষণায় দেখা গেছে, সাইবার হামলার ফলে ইয়ানডেক্স ও সার্বিভাবে রাশিয়া থেকে আসা বট ট্রাফিক অনেকটাই কমে গিয়েছিল। তবে এর ফলে সামাজিক মাধ্যমে ভুয়া বা বট অ্যাকাউন্টের তৎপরতা সরাসরি কমেছে এমন কোনো প্রমাণ মেলেনি।
এ ধরনের স্বয়ংক্রিয় ইন্টারনেট ট্রাফিক কেবল সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বাইরেও নানা কাজে ব্যবহৃত হয়।
ইন্টারনেটে বট কমে যাওয়ার গুজবের মধ্যেই থ্রেডস প্রধান হেইস বললেন, বট কমে যাওয়া নয়, বরং অ্যাপটির অ্যালগরিদমে আনা পরিকল্পিত পরিবর্তনের কারণেই ব্যবহারকারীরা এখন নিজেদের ফিডে প্রত্যাশিত কনটেন্ট দেখতে পাচ্ছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ফিডের কনটেন্ট ও মান উন্নত মনে হওয়ার পেছনে ইন্টারনেটে বট বা ভুয়া অ্যাকাউন্ট কমে যাওয়ার জল্পনা থাকলেও আসল কারণ যে অ্যাপের অ্যালগরিদমিক পরিবর্তন তা স্পষ্ট করেছে থ্রেডস।
ব্যবহারকারীরা যেন তাদের প্রকৃত আগ্রহের বিষয়গুলো স্ক্রিনে বেশি দেখতে পান সেই লক্ষ্যেই ফিডে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মেটা।
হেইস বলেছেন, “থ্রেডসে আমরা সব সময় চেষ্টা করি আপনি যা পছন্দ করেন বা যে বিষয়ে আপনার আগ্রহ রয়েছে, তা যেন আপনার সামনে তুলে আনা যায়।
“এর জন্য ব্যবহারকারী যেসব প্রোফাইল এরইমধ্যে অনুসরণ বা ফলো করছেন, সেগুলোর পোস্টের পাশাপাশি নতুন ও অজানা কিছু প্রোফাইলের কনটেন্টের এক ধরনের মিশ্রণ তৈরি করা হয়।
“আমরা সম্প্রতি এমন পরিবর্তন এনেছি, যা আপনার ফলো করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখানোর পরিমাণ বাড়িয়ে দেবে। কনটেন্ট নির্মাতাদের জন্য এর মানে, তাদের অনুসারীদের কাছে পৌঁছানোর পরিধি আরও বাড়বে।
“এমনটা ব্যবহারকারীদের ক্ষেত্রে উন্নত একটি ফিড উপহার দেবে, যা তাদের পছন্দের কনটেন্টে ভরপুর থাকবে।”
তবে এ বিশেষ অ্যালগরিদম পরিবর্তনটি কবে নাগাদ কার্যকর করা শুরু হয়েছে সে বিষয়ে কিছু জানাননি থ্রেডস প্রধান।
